শহীদ উসমান হাদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবিচল সংগ্রামের প্রতীক : মামুনুল হক

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ (১৮ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে গভীর শোক, সীমাহীন ক্রোধ এবং দৃঢ় অঙ্গীকারের সঙ্গে ঘোষণা করেছেন—সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শরীফ উসমান হাদী শাহাদাত বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কেবল ইন্তেকাল করেননি—তিনি রক্ত দিয়ে ইতিহাস লিখে গেছেন।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের পরাজিত শক্তির বিরুদ্ধে যে ক’জন নির্ভীক কণ্ঠ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, শহীদ হাদী ছিলেন তাদের অগ্রসারিতে। ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের দেশীয় বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক দালালদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল বজ্রনিনাদ—যা শেষ নিঃশ্বাস পর্যন্ত থেমে থাকেনি।

বিজ্ঞাপন
banner

নেতৃদ্বয় বলেন, হাদীর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি ‘২৪-এর পরাজিত ফ্যাসিবাদী শক্তি’ ও ভারতীয় আধিপত্যবাদের সরাসরি প্রতিশোধ। এই হত্যা প্রমাণ করে—ফ্যাসিবাদ পরাজিত হলেও নির্মূল হয়নি; তারা আজও রাষ্ট্রের ভেতরে ও বাইরে আশ্রয় নিয়ে জনতার কণ্ঠ রুদ্ধ করতে চায়।

তারা আরও বলেন, আজ আমরা লজ্জিত, ক্ষুব্ধ ও ব্যথিত—এই রাষ্ট্র হাদীকে বাঁচাতে পারেনি। আমরা একজন সাহসী সন্তানকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। কিন্তু ইতিহাসের কাঠগড়ায় হাদী ব্যর্থ নন—ব্যর্থ এই রাষ্ট্র, ব্যর্থ সেই প্রশাসন, যারা হাদীর মতো সংগ্রামী কণ্ঠগুলোর নিরাপত্তা দিতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, আজ ভারতীয় আধিপত্যবাদ ও তার দেশীয় দালালরা হাদীর শাহাদাতে উল্লাস করছে। কিন্তু একই সঙ্গে আজ গোটা বাংলাদেশ অশ্রুসিক্ত। মায়ের চোখে অশ্রু, যুবকের বুকে আগুন, জনতার হৃদয়ে রক্তক্ষরণ। শহীদ হাদী কোনো ব্যক্তি ছিলেন না—তিনি ছিলেন একটি চেতনার নাম, একটি বিদ্রোহের নাম, একটি অপ্রতিরোধ্য প্রতিরোধের নাম।

নেতৃদ্বয় বলেন, আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই— শহীদ হাদী যুগ যুগ ধরে এদেশের মানুষের হৃদয়ে ‘আধিপত্যবাদবিরোধী সংগ্রামের মহানায়ক’ হিসেবে বেঁচে থাকবেন। তার রক্ত আমাদের শিখিয়েছে—আপস নয়, নীরবতা নয়, পিছু হটা নয়।

তারা বলেন, হাদীর শাহাদাতে গোটা জাতি আজ স্তব্ধ—কিন্তু এই স্তব্ধতা দুর্বলতার নয়; এই স্তব্ধতা ঝড়ের আগের নীরবতা। এই শাহাদাতের বদলা দেশের জনগণই নেবে—ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম এখন আরও বিস্তৃত, আরও গভীর ও আরও কঠোর হবে।

যৌথ বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়—‘২৪-এর পরাজিত ফ্যাসিবাদী শক্তি’ যদি আবারও মাথাচাড়া দেয়, জনগণের প্রতিরোধ তাদের কবর রচনা করবে।

নেতৃদ্বয় মহান আল্লাহ দরবারে আকুতি জানিয়ে বলেন—হে আল্লাহ! শহীদ হাদীর শাহাদাত কবুল করো, তার পরিবার ও জাতিকে ধৈর্য দাও, এবং আমাদের সবাইকে তার রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, আপসহীন সংগ্রাম চালানোর তাওফিক দাও। আমিন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222