শাশুড়ির পাশে প্রায় দুই সপ্তাহ অবস্থানের পর আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন। এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের পথে যাত্রা শুরু করেন ডা. জুবাইদা। এ সময় তার গাড়িবহরকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।
দলীয় সূত্র জানায়, লন্ডনে পৌঁছানোর চার দিনের মাথায় আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ডা. জুবাইদা রহমান আবার দেশে ফিরবেন। নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, শাশুড়িকে মায়ের মতো করে সেবা দিয়েছেন ডা. জুবাইদা রহমান। পরিবারের সম্মিলিতভাবে ঢাকায় ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি লন্ডনে গেছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দলীয় প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, যে বাসায় তারেক রহমান পরিবারসহ উঠবেন, সেখানে শেষ মুহূর্তের কাজ চলছে। প্রয়োজনে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’তেও থাকতে পারেন।
প্রসঙ্গত, ২০০৮ সালে দেশ ছাড়ার পর দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে প্রথমবারের মতো বাংলাদেশে ফেরেন ডা. জুবাইদা রহমান।
টিএইচএ/
