লক্ষ্মীপুরে বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তার সানজুর (৮) মৃত্যুতে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ঘটনায় জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
আজ শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
শোক বিবৃতিতে বলা হয়, লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের বসতবাড়িতে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত নৃশংস অগ্নিসংযোগে তার ৮ বছর বয়সের শিশু কন্যা আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে অকালে মৃত্যুবরণ করে। এছাড়া বেলাল হোসেনসহ তার অন্য দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার আগুনে গুরুতর আহত হয়েছে। ইতোমধ্যে আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের বাবা বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্বৃত্তদের সংঘটিত এই কাপুরুষোচিত ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে শিশু আয়েশার মৃত্যু একটি জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা যা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক মত দমনের ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনায় প্রমাণ হয় যে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে।
বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এআইএল/
