কেরালায় ভারতের ছত্তিশগড়ের এক যুবককে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি কাজের সন্ধানে ছত্তিশগড় থেকে কেরালায় গিয়েছিলেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গত ১৭ ডিসেম্বর কেরালার আত্তাপাল্লাতম থানা এলাকায় এ ঘটনা ঘটে। চুরির অভিযোগে প্রথমে তাকে আটক করা হলেও পরে তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় রামনারায়ণের কাছ থেকে কোনো চোরাই মালামাল উদ্ধার হয়নি। তবে সন্দেহের ভিত্তিতেই একদল ব্যক্তি তাকে মারধর করে হত্যা করে।
ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একদল ব্যক্তি তাকে মারধর করছে এবং বারবার বাংলাদেশি বলে উল্লেখ করছে। ভিডিওতে হামলাকারীদের তাকে গ্রামের বাড়ি কোথায় জানতে চাইতে শোনা গেলেও, উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই তাকে আঘাত করা হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনে রামনারায়ণের শরীরে ৮০টির বেশি আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানানো হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথায় গুরুতর আঘাত ছিল।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।
টিএইচএ/
