বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘদিন পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফেরার পর শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম শুরু করবেন।
এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিবও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে এখন পর্যন্ত ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল না। এবার দেশে ফিরে সেই প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
টিএইচএ/
