গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্যের জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ২১ ডিসেম্বর আদেশের জন্য ধার্য ছিল। গত ১৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে উপস্থিত তিন আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ এবং সাতজনের পক্ষে শুনানি তাবারক হোসেন। শেখ হাসিনার পক্ষে আইনজীবী ছিলেন মো. আমির হোসেন।
এছাড়াও পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ছয় জনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও সুজাদ মিয়া। শুনানিতে প্রত্যেক আইনজীবী নিজের মক্কেলের পক্ষে বক্তব্য তুলে ধরে অব্যাহতির আবেদন জানান।
এরপর প্রসিকিউশনের পক্ষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
এআইএল/
