জামায়াতের সঙ্গে জোট নিয়ে এনসিপির সদস্যসচিব আখতারের বার্তা

by Abid

জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য নির্বাচনী জোট বা সমঝোতা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন
banner

আখতার হোসেন জানান, ঐকমত্য কমিশনে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর মতানৈক্য স্পষ্ট ছিল। সেই প্রেক্ষাপটে সংস্কারের বিভিন্ন বিষয়ে স্বাভাবিকভাবেই এনসিপি, জামায়াত এবং আরও কিছু দল একই অবস্থানে দাঁড়িয়েছে। রাষ্ট্র সংস্কার, দেশকে নতুনভাবে গড়ে তোলা এবং বাংলাদেশের রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের যে রাজনৈতিক অঙ্গীকার নির্বাচনী জোট বা সমঝোতার ক্ষেত্রে সেটিকেই এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করছে।

উল্লেখ্য, শনিবার এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি দেন। একই সময়ে দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি এনসিপির কয়েকজন নেত্রী সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন।

এনসিপি সূত্র জানায়, দলের কেন্দ্রীয় কমিটির মোট সদস্য ২১৪ জন। এর মধ্যে ১৮৪ জন নেতা জামায়াতের সঙ্গে জোটের পক্ষে মত দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এর বিপরীতে ৩০ জন শীর্ষ নেতা আলাদা একটি চিঠিতে এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন। ওই চিঠিতে জামায়াতের সঙ্গে জোটের প্রচেষ্টাকে ‘জাতির সঙ্গে প্রতারণা’ ও ‘আদর্শিক আত্মহনন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম সদস্যসচিব, কেন্দ্রীয় সংগঠক, যুগ্ম আহ্বায়ক, আঞ্চলিক দায়িত্বপ্রাপ্ত সংগঠকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222