জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী জোটের অংশ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এনসিপির এই রাজনৈতিক পথচলায় তিনি নিজেকে সম্পৃক্ত রাখছেন না।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে এনসিপির নির্বাচনী সমঝোতার ঘোষণা আসার পরপরই তিনি নিজের অবস্থান জানান।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে লেখেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতৃত্ব থেকে গড়ে উঠেছিল। এই দুটি সংগঠনে তার জুলাইয়ের সহযোদ্ধারা যুক্ত থাকায় গত দেড় বছরে তিনি প্রয়োজন অনুযায়ী পরামর্শ, দিকনির্দেশনা ও নীতিগত সহযোগিতা দিয়ে এসেছেন।
নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক সংগ্রাম, সামাজিক ফ্যাসিবাদ প্রতিরোধ, রিকনসিলিয়েশন এবং দায়বদ্ধ মানবিক সমাজ গঠনের মতো বিষয়গুলো তিনি ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। এসব ধারণা তার সহযোদ্ধারাও বিভিন্ন সময়ে উত্থাপন করেছেন। তবে এনসিপিকে একটি বৃহৎ ‘জুলাই আম্ব্রেলা’ হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর যে চেষ্টা তিনি করেছেন, নানা কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানান মাহফুজ আলম।
জামায়াত-এনসিপি জোটে অংশ না নেওয়ার বিষয়ে তিনি লেখেন, বিদ্যমান বাস্তবতায় জুলাই সহযোদ্ধাদের প্রতি তার সম্মান, ভালোবাসা ও বন্ধুত্ব অটুট থাকবে। তবে তিনি এনসিপির এই জোটের অংশ হচ্ছেন না। জামায়াত-এনসিপি জোট থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়নি—এমন দাবি সঠিক নয়। কিন্তু ঢাকার কোনো একটি আসনে জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
দেশে বর্তমানে এক ধরনের ‘শীতল যুদ্ধ’ চলছে উল্লেখ করে মাহফুজ আলম লেখেন, এই সময়ে কোনো পক্ষের সঙ্গে না গিয়ে নিজস্ব নীতি ও বক্তব্যে অবিচল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ ও জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বলেও তিনি মন্তব্য করেন। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সব মাধ্যমে তিনি তার বিশ্বাসের জায়গা থেকে কাজ চালিয়ে যাবেন বলে জানান।
একই সঙ্গে তার সঙ্গে কেউ যুক্ত হতে চাইলে তিনি তাদের স্বাগত জানাবেন বলেও উল্লেখ করেন। মাহফুজ আলম লেখেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত বাস্তবসম্ভব এবং মধ্যপন্থী বিকল্প তরুণ ও জুলাই শক্তির উত্থান খুব দূরে নয়।
এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীসহ আটটি দলের নির্বাচনী সমঝোতা হয়েছে এবং তারা যৌথভাবে নির্বাচনে অংশ নেবে।
এর আগে সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, জামায়াতসহ আট দলের নির্বাচনী জোটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হচ্ছে।