ময়মনসিংহ-১০ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি নেতাকর্মীদের রেললাইন অবরোধ

by Abid

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভে নেমেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকরা। এতে তারা রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার জারিয়া ঝানজাইলগামী ‘বলাকা কমিউটার’ ট্রেনটি গফরগাঁও স্টেশনে এসে থেমে যায়। অবরোধের কারণে ট্রেনটি আর সামনে এগোতে পারেনি।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে মনোনয়ন না পাওয়া প্রার্থী মুশফিকুর রহমান ও সিদ্দিকুর রহমানের কর্মী-সমর্থকরা আন্দোলন শুরু করেন। ওইদিন বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্রে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। এ ঘোষণার পরপরই অপর দুই প্রার্থীর অনুসারীরা ক্ষোভে ফেটে পড়েন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা গফরগাঁও রেলস্টেশনের কাছে গোলন্দাজ গেটসহ একাধিক স্থানে রেললাইনে আগুন ধরিয়ে দেন। এর ফলে ঢাকা–ময়মনসিংহ রেলপথে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে শনিবার রাতে রেললাইন মেরামত শেষে রাত ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও রোববার সকালে পুনরায় অবরোধ শুরু হওয়ায় আবারও চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম সময় সংবাদকে জানান, রেলপথের বিভিন্ন স্থানে আগুন দেওয়ায় শনিবার রাত ১টার পর লাইন মেরামত শেষে আটকে থাকা ১০টি ট্রেন ছেড়ে যায়। তবে রোববার আবার গোলন্দাজ গেটে আগুন দেওয়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আটকা পড়ে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222