আওয়ামী লীগ সরকারের সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা ৭০ বিঘা জমি ও ৫ কাঠার প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি জিপ গাড়ি, ৬টি ব্যাংক হিসাব, একটি সেভিংস সার্টিফিকেট ও একটি এফডিআর অবরুদ্ধ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি খালিদ মাহমুদ চৌধুরীর নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, খালিদ মাহমুদ চৌধুরীর নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর অথবা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে বাংলাদেশের বাইরে গমন করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে।
মামলাটি তদন্তের স্বার্থে আসামি খালিদ মাহমুদ চৌধুরীর নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধসহ ক্রোককৃত সম্পদের রিসিভার নিয়োগের জন্য আদালতে আবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
এই প্রেক্ষিতে খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধসহ জব্দকৃত সম্পত্তির রিসিভার নিয়োগ করা আবশ্যক।
এআইএল/
