রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ভেজাল মদ উৎপাদনকারী চক্র এবং নতুন প্রজন্মের উচ্চ ক্ষমতাসম্পন্ন মাদক ‘কুশ’এর একটি আধুনিক ল্যাবরেটরির সন্ধান মিলেছে।
বসুন্ধরা আবাসিক এলাকা ও ওয়ারীতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ, উৎপাদন উপকরণ উদ্ধার এবং সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাতভর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক বশির আহমেদ এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান।
আটকরা হলো রিপন হিউবার্ট গমেজ, আব্দুর রাজ্জাক, ডেনিস ডমিনিক পিরিছ, রাজু শেখ ও সুমেহরা তাসনিয়া ওরফে তাসিনা হাসান।
অভিযানে ৭৯ বোতল বিদেশি মদ, ১৬৬ ক্যান বিয়ার, ১৩২ লিটার ভেজাল মদের কেমিক্যালসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়। আটক সবার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
এআইএল/
