সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের পূর্বের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বরের সংশোধিত গেজেটের একটি অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেটে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।
তবে এই পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন এবং চূড়ান্ত শুনানি শেষে ১৮ ডিসেম্বর রায় ঘোষণা করেন।
রায়ে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। পাশাপাশি, পাবনার দুইটি সংসদীয় আসন আগের সীমানা অনুযায়ী পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সংশোধিত গেজেট প্রকাশ করে। এতে পুরো সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভাসহ বেড়া উপজেলার চারটি ইউনিয়ন—হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা—নিয়ে পাবনা-১ আসন গঠন করা হয়। অপরদিকে, বেড়া উপজেলার অবশিষ্ট পাঁচটি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা নিয়ে গঠিত হয় পাবনা-২ আসন।
টিএইচএ/
