মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার আলীনগর সীমান্তফাড়ি এলাকা থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।
বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, ৪৬ বিজিবির অধীনস্থ বিওপি সমূহ মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় দিবারাত্রী ২৪ ঘণ্টা সীমান্ত সুরক্ষার পাশাপাশি নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাতে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। এসব সিগারেট আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এমএআর/
