৩৭ বছর শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে ‘রাজকীয়’ বিদায় নিলেন শিক্ষক ফোরকান তালুকদার

by Fatih Work

দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে এক অনন্য ও রাজকীয় বিদায় সংবর্ধনায় সিক্ত হলেন পটুয়াখালীর জৈনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার শিক্ষক ফোরকান তালুকদার। কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সাবেক শিক্ষার্থীরা ব্যান্ডপার্টির বাদ্য আর ঘোড়ায় চড়িয়ে প্রিয় শিক্ষককে বাড়িতে পৌঁছে দেওয়ার এক ব্যতিক্রমী আয়োজন করেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘তারুণ্য’ এই রাজকীয় বিদায়ের মূল উদ্যোক্তা ছিল।

বিজ্ঞাপন
banner

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ফোরকান তালুকদার কেবল এই বিদ্যালয়ের শিক্ষকই ছিলেন না, তিনি নিজেও এই প্রতিষ্ঠানের একজন সাবেক শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষে নিজ গ্রামেই শিক্ষকতা শুরু করে দীর্ঘ ৩৭ বছর ধরে অত্র অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়েছেন। বিদায়বেলায় বাদ্যযন্ত্রের তালে তালে তাকে ঘোড়ায় চড়িয়ে যখন বিদ্যালয় থেকে বের করা হয়, তখন কয়েকশ বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সহকর্মী এবং স্থানীয় মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে ফোরকান তালুকদার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইছ উদ্দিন জানান, তিনি অত্যন্ত সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং তার এই প্রস্থান সহকর্মীদের মাঝে এক শূন্যতার সৃষ্টি করেছে। সাবেক শিক্ষার্থী বশির উদ্দিন স্মৃতিচারণ করে বলেন, স্যার শুধু শ্রেণিকক্ষেই পাঠদান করতেন না, বরং বিকেলে শিক্ষার্থীদের বাড়িতে গিয়েও পড়াশোনার খোঁজ নিতেন। তার মতো আদর্শবান শিক্ষক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222