বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন ও বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করার পাশাপাশি নরসিংদীর ব্যবসা-বাণিজ্যের প্রসার, দ্রুত শিল্পায়ন এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল হাসান রিন্টু বলেন, যেকোনো দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ। ব্যবসার সাফল্য একটি দেশের প্রবৃদ্ধি অর্জন, সামগ্রিক টেকসই উন্নয়ন এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেশের জাতীয় উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। আর সেই লক্ষ্যেই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তিনি আরও উল্লেখ করেন, নরসিংদীতে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং জেলার সামগ্রিক উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইউম মোল্লা, সহ-সভাপতি হাসিব আহম্মেদ মোল্লা এবং পরিচালকবৃন্দ যথাক্রমে আতাউর রহমান মিঠু, আওলাদ হোসেন মোল্লা, মো. দেলোয়ার হোসেন দুলাল, মো. দেলোয়ার হোসেন, মো. রাজিবুল আলম, নাসির আহমেদ রিগান, আসাদুজ্জামান, ইফরান আহমেদ মোল্লা (রিপন), মো. সোহেল সরকার ও এনায়েত সারজিদ। এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টিএইচএ/
