মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এতে করে টেকনাফসহ সীমান্তবর্তী জনপদের মানুষের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। গোলাগুলি ও মর্টার শেলের আতঙ্কে কৃষক, জেলে ও শ্রমজীবীরা ঘরছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার লম্বারবিল এলাকা এক সময় সকাল হলেই কর্মব্যস্ত হয়ে উঠত। কৃষিজমিতে চাষাবাদ, মৎস্য ঘেরে শ্রম আর নাফ নদীতে মাছ শিকারে ব্যস্ত থাকতেন শত শত মানুষ। তবে এখন সেই এলাকায় নেমে এসেছে নীরবতা। মাঠে নেই কৃষক, ঘেরে নেই শ্রমিক, নদীতেও দেখা যাচ্ছে না জেলেদের।
স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের ভেতরে সংঘাত চলাকালে ছোড়া গুলি ও মর্টারের গোলা অনেক সময় এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। এতে সীমান্তবর্তী গ্রামগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে স্বাভাবিক কাজকর্ম, ব্যাহত হচ্ছে শিশুদের শিক্ষাজীবনও।
লম্বারবিলের বাসিন্দা মোহাম্মদ আলী জানান, গোলাগুলির ভয়ে তিনি কৃষি জমিতে যেতে পারছেন না। একই কারণে নাফ নদীতেও মাছ ধরতে নামা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
টেকনাফ আমতলী সমাজ কমিটির সভাপতি মো. আলমগীর চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় অসংখ্য চিংড়ি ঘের, কৃষিজমি ও লবণের মাঠ রয়েছে। কিন্তু গোলাগুলির ভয়ে এসব এলাকায় মানুষ যেতে পারছে না। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী, মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে সীমান্তের মানুষের জীবন মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং আধুনিক ড্রোনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে এবং জনগণকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সীমান্ত বেড়িবাঁধ ও সড়কে সর্বোচ্চ অ্যালার্ট জারি রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে।
এদিকে রোববার (১১ জানুয়ারি) মিয়ানমারে আরাকান আর্মির হামলায় টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্যকে আটক করেছে বিজিবি। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টিএইচএ/
