নেত্রকোণার মোহনগঞ্জে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পালগাঁও ও নলজুরী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, পালগাঁও গ্রামের আ. আজিজ (৫৩), নজরুল ইসলাম (৪৫), আল মেজাহিদ (৩২), জাকিরুল ইসলাম (২৬), নলজুরী গ্রামের আবু সাইদ (৫৫), মুখলেস মিয়া (৪৩), জুয়েল ৩৫) ও রিনা আক্তার (৫০)।
স্থানীয়দের বরাতে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, “৩-৪ দিন আগে ট্রাক্টর দিয়ে জমি চাষ করাকে কেন্দ্র করে পালগাঁও ও নলজুরী গ্রামের কৃষকের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে এ নিয়ে স্থানীয়ভবে সালিশ মিমাংসা করার চেষ্টা করা হলেও ক্ষোভ রয়ে যায়। এরই জেরে রবিবার সকালে উভয় গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আপাতত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এমএআর/
