তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে নেই কিছুই

by hsnalmahmud@gmail.com

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামার তথ্য বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, তাহেরীর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক আমানতের মুনাফা থেকে ২২ হাজার ৮৯২ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা।

বিজ্ঞাপন
banner

সম্পদের বিবরণে তিনি উল্লেখ করেছেন, তার কাছে ৩১ ভরি সোনা রয়েছে, যার মূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা। এ ছাড়া ৫ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। তার কৃষিজমির ক্রয়মূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা এবং বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

হলফনামায় তাহেরী তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে কোনো সম্পদের উল্লেখ করেননি। তিনি জানিয়েছেন, তার স্ত্রী গৃহিণী এবং স্ত্রীর নামে কোনো নগদ অর্থ বা সোনার গয়নাও নেই।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, তাহেরীর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি হওয়ায় তিনি এই আসন থেকে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন। হলফনামা অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর এসব মামলা দায়ের করা হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222