নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক শোকজ নোটিশটি ভুল সংবাদের ভিত্তিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মামুনুল হক।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে জানান , প্রকাশিত সংবাদে বলা হয়েছে আমি ইসি ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছি। কিন্তু কোন বিষয়ের লিফলেট বিতরণ করেছি, সেটা বলা হয়নি। আমি আমার প্রতীক বা দলের হয়ে প্রচার-প্রচারণা করিনি। আমি গণভোটের পক্ষে লিফলেট বিতরণ করেছি। আর গণভোটের পক্ষে প্রচারণা নির্বাচনী আচরণবিধির খেলাফ কোনো কাজ নয়। তার পরও আমি শোকজের জবাব দেব।
একই সঙ্গে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
এর আগে বুধবার নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১৩ আসনের প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।
নোটিশে মাওলানা মামুনুল হককে আগামী ১৭ জানুয়ারির মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধি পাঠিয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
টিএইচএ/
