দেশের বিত্তবানরা যদি ইসলামের বিধান অনুযায়ী যথাযথভাবে যাকাত প্রদান করেন এবং সেই সংগৃহীত অর্থ সুশৃঙ্খলভাবে বণ্টন করা হয়, তবে আগামী এক দশকের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য চিরতরে নির্মূল করা সম্ভব।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত ‘যাকাত কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি দেশের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক স্থিতিশীলতায় যাকাত ব্যবস্থার অপরিহার্যতা তুলে ধরেন।
ধর্ম উপদেষ্টা তাঁর বক্তব্যে আক্ষেপ প্রকাশ করে বলেন, বাংলাদেশে পূর্ণাঙ্গ শরয়ি আইনের অনুপস্থিতির কারণে যাকাত সংগ্রহ ও বিতরণ প্রক্রিয়া এখনো কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। বর্তমানে এটি সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, অনেকে যাকাত দিলেও বড় একটি অংশ এর বাইরে থেকে যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ইসলামের সোনালী যুগে রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থাপনার ফলে হজরত ওমর (রা.)-এর শাসনামলে আরবে যাকাত গ্রহণ করার মতো অভাবী মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ছিল।
অনুষ্ঠানে যাকাত সংগ্রহ ও বিতরণে মাস্তুল ফাউন্ডেশনের মানবিক ভূমিকার প্রশংসা করেন ধর্ম উপদেষ্টা।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান এবং বিশিষ্ট আলেম মুফতি জুবায়ের আবদুল্লাহ।
টিএইচএ/৩৬ নিউজ
