আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাসংক্রান্ত বিধিনিষেধ অমান্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন। অভিযুক্ত দুই প্রার্থী হলেন ঢাকা-১১ আসনের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের নাসীরুদ্দীন পাটওয়ারী।
গত রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী পৃথক চিঠির মাধ্যমে তাদের এই আদেশ প্রদান করেন। মূলত নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী প্রচারণা শুরু করার দায়ে তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-১১ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাহিদ ইসলামের বিশালাকৃতির রঙিন বিলবোর্ড দৃশ্যমান হয়েছে, যেখানে ‘দেশ সংস্কারের গণভোট—হ্যাঁ’র পক্ষে থাকুন’ স্লোগান ব্যবহার করা হয়েছে। একইভাবে ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবিসহ ‘সংসদ সদস্য প্রার্থী’ এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ সম্বলিত বড় আকারের বিলবোর্ড কর্তৃপক্ষের নজরে আসে। নির্বাচন কমিশনের মতে, এই ধরণের প্রচার কার্যক্রম বর্তমান সংসদ নির্বাচন আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
প্রার্থীদের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৮ বিধি অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত তারিখের তিন সপ্তাহ পূর্বের আগে কোনো প্রকার প্রচার চালানো নিষিদ্ধ। কিন্তু সংশ্লিষ্ট প্রার্থীরা আইন অমান্য করে আগাম প্রচারণা শুরু করেছেন। এ প্রেক্ষিতে ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে উল্লেখিত সকল অবৈধ বিলবোর্ড অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে আচরণবিধি ভঙ্গের দায়ে কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে সরাসরি বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
টিএইচএ/৩৬ নিউজ
