শীতে অসুখ দূরে রাখতে রোগপ্রতিরোধ বাড়ানোর ১০ কার্যকর অভ্যাস

by naymurbd1999@gmail.com

শীত মৌসুমে সুস্থ থাকতে কিছু সহজ ও প্রতিরোধমূলক অভ্যাস অনুসরণ করলেই মিলতে পারে বড় উপকার। এ বিষয়ে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে বিভিন্ন বিশেষজ্ঞের মতামত তুলে ধরেছে। শীতে স্বাস্থ্য সুরক্ষায় তারা যে ১০টি সহজ ও কার্যকর অভ্যাসের পরামর্শ দিয়েছেন, তা তুলে ধরা হলো—

১. সূর্যের আলো গ্রহণ

বিজ্ঞাপন
banner

জিপি চিকিৎসক ডা. থুভা আমুথালিঙ্গাম বলেন, দিনে অন্তত ১০ মিনিট জানালার পাশে বসা বা বাইরে হাঁটাহাঁটি করা উচিত। বিশেষ করে সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে রোদে বের হলে ভালো ফল পাওয়া যায়। সূর্যের আলো শরীরের অভ্যন্তরীণ ঘড়ি ঠিক রাখতে সাহায্য করে, ঘুমের মান উন্নত করে এবং সামগ্রিক সুস্থতা বাড়ায়।

২০১৭ সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিক আলোযুক্ত অফিসে কাজ করা ব্যক্তিদের মাথাব্যথা ৬৩ শতাংশ ও ঝিমুনি ৫৬ শতাংশ কমে।

২. স্বাস্থ্যবিধি মেনে চলা

ডা. আমুথালিঙ্গামের মতে, ঘরের ভেতরে জমে থাকা ময়লার প্রায় এক-তৃতীয়াংশ বাইরে থেকে আসে—বাতাস বা জুতার মাধ্যমে। শীতে সর্দি-ফ্লুর মতো ভাইরাস বেশি ছড়ায়, তাই পরিচ্ছন্নতা জরুরি। ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া এবং ঘরে ঢোকার সময় জুতা খুলে রাখা সংক্রমণ কমাতে কার্যকর।

৩. সবুজ শাকসবজি

পুষ্টি থেরাপিস্ট রুচি ভুবানিয়া লোহিয়া জানান, মেডিটেরেনিয়ান ও ড্যাশ ডায়েটের সমন্বয়ে তৈরি ‘মাইন্ড ডায়েট’ মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। এটি টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ প্রতিরোধ এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

তিনি কেলে, পালং শাক, সুইস চার্ডের মতো গাঢ় সবুজ শাক, বেরি, পূর্ণ শস্য, ডাল, অলিভ অয়েল, বাদাম, আখরোট এবং স্যামন, ম্যাকেরেল, সার্ডিনের মতো তেলযুক্ত মাছ খাওয়ার পরামর্শ দেন।

৪. ভিটামিন সি গ্রহণ

পুষ্টিবিদ বেকা মিডোজ বলেন, ভিটামিন সি পানিতে দ্রবণীয় এবং তাপে দ্রুত নষ্ট হয়। দীর্ঘ সময় পানিতে রান্না করলে খাবারে ভিটামিন সি কমে যায়। তাই কম পানি ও কম তাপে রান্না করলে উপকার বেশি।

তিনি টাটকা ও স্থানীয় ফল-সবজি খাওয়ার পরামর্শ দেন। কাটা সবজিতে অক্সিজেনের সংস্পর্শে ভিটামিন সি দ্রুত নষ্ট হয়। এ কারণে হিমায়িত ফল ও সবজি ভালো বিকল্প হতে পারে।

সবজি রান্নার সময় ফুটন্ত পানিতে দেওয়া বা ঢাকনা দিয়ে ভাপানোর পরামর্শ দেন তিনি। গবেষণায় দেখা গেছে, মাইক্রোওয়েভে রান্না করলে ভিটামিন সি তুলনামূলক বেশি থাকে।

৫. বীজ ও বাদামের মিশ্রণ

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। দিনে ৩০০ মিলিগ্রামের কম ম্যাগনেশিয়াম গ্রহণ ক্ষতিকর হতে পারে। লোহিয়ার মতে, লবণ ও ভাজাহীন বীজ ও বাদাম ম্যাগনেশিয়ামের চমৎকার উৎস।

৬. সন্ধ্যার হালকা ব্যায়াম

আগে ধারণা ছিল, রাতে ব্যায়াম করলে ঘুমের সমস্যা হয়। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, অল্প সময়ের হালকা ব্যায়াম ঘুমের মান উন্নত করে।

পার্সোনাল ট্রেইনার লাভিনা মেহতা বলেন, মাত্র তিন মিনিটের কার্ডিও ও শক্তিবর্ধক ব্যায়াম মেজাজ ভালো রাখে, পেশি ও হাড় মজবুত করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

৭. ‘১০-৩-২-১-০’ ঘুমের নিয়ম

স্লিপ স্কুলের প্রতিষ্ঠাতা ডা. গাই মিডোজ বলেন, নিয়মিত ঘুমের সময়সূচি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি ‘১০-৩-২-১-০’ নিয়ম মেনে চলার পরামর্শ দেন—

ঘুমের ১০ ঘণ্টা আগে ক্যাফেইন নয়,

৩ ঘণ্টা আগে খাবার নয়,

২ ঘণ্টা আগে কাজ নয়,

১ ঘণ্টা আগে স্ক্রিন নয়,

এবং সকালে শুয়ে থাকা নয়।

৮. স্বল্প সময়ের ঘুম (ন্যাপ)

গবেষণায় দেখা গেছে, অল্প সময়ের ঘুম মানসিক কর্মক্ষমতা বাড়ায়। ডা. মিডোজ বলেন, ১০–২০ মিনিটের ন্যাপ সবচেয়ে উপকারী। এতে গভীর ঘুম এড়ানো যায় এবং ঘুম থেকে উঠে ক্লান্ত লাগার ঝুঁকি কমে। দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে ন্যাপ নেওয়া ভালো।

৯. সোনা বাথ বা সাউনা

সাউনা ব্যবহারে কোলেস্টেরল ও রক্তচাপ কমে, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায়। নতুন গবেষণায় দেখা গেছে, সপ্তাহে তিন দিন ব্যায়ামের পর ১৫ মিনিট সাউনায় থাকলে শুধু ব্যায়ামের চেয়ে রক্তচাপের উন্নতি বেশি হয়। এটি মানসিক চাপ কমায় এবং বিষণ্নতার উপসর্গও হ্রাস করতে পারে।

১০. নিয়মিত প্রধান খাবার প্রস্তুত ও গ্রহণ

ডা. মিডোজ জানান, খাবার প্রস্তুতির সময় গন্ধ নেওয়ার মাধ্যমেই হজম প্রক্রিয়া শুরু হয়। এতে পাকস্থলী আগে থেকেই প্রস্তুত হয় এবং পুষ্টি শোষণ ভালো হয়।

তিনি নির্দিষ্ট সময়ে প্রধান খাবার গ্রহণ, ধীরে খাওয়া এবং ভালোভাবে চিবানোর গুরুত্ব তুলে ধরেন। ভালোভাবে চিবালে খাবার সহজে ভাঙে এবং লালার এনজাইম হজমে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, শীতকালে এসব অভ্যাস নিয়মিত অনুসরণ করলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সুস্থ থাকা সহজ হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222