সিলেটে যাচ্ছেন তারেক রহমান, তিন লক্ষাধিক জনসমাগমের প্রত্যাশা

by Fatih Work

৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারাভিযানে নামবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান তারেক রহমান।

প্রায় দুই দশক পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠেয় জনসভায় যোগ দেবেন এবং সিলেটের ৬টি ও সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবেন।

বিজ্ঞাপন
banner

দলের চেয়ারম্যানের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে নগরীজুড়ে ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড ছেয়ে গেছে। নিজেদের প্রথম নির্বাচনী সমাবেশে প্রায় ৩ লক্ষাধিক জনসমাগমের লক্ষ্য নির্ধারণ করেছে স্থানীয় বিএনপি।

মঙ্গলবার (২০জানুয়ারি) সংবাদ সম্মেলনে বিএনপির উপদেষ্টা ও সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির এ আশা ব্যক্ত করে জানিয়েছেন, সিলেট ও পার্শ্ববর্তী সুনামগঞ্জ থেকে ৩ লাখ বা তার বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করছে দল।

একদিকে দলের চেয়ারম্যান ও অন্যদিকে সিলেটের জামাতার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীসহ জনসাধারণের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। কেননা তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থানকালে তাঁর সবশেষ সভায় নিজেকে হাফ সিলেটি হিসেবে উল্লেখ করেন। আর তাই সিলেটবাসীও তাদের পরম আত্মীয়কে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

তারেক রহমানের আগমন ও নির্ধারিত জনসভাকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। কর্মসূচিকে কেন্দ্র করে সভাস্থল ও আশপাশের এলাকায় বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রবেশপথে চেকপোস্ট স্থাপন, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন থাকবে। পাশাপাশি মহানগরীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, সবশেষ ২০০৪ সালে সিলেটে এসেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সিলেটে বিএনপির ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন তিনি। সিলেট জেলা স্টেডিয়ামে ওই সম্মেলনকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক সাড়া পড়েছিলো। দীর্ঘ ২২ বছর পর সিলেটে তাঁর এই আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বুধবার (২১জানুয়ারি) বিমানযোগে সিলেট আসার কথা রয়েছে তারেক রহমান। পরদিন ২২ জানুয়ারি নির্ধারিত কর্মসূচীতে যোগ দেবেন। এরপর ওইদিনেই সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ফেরার পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222