লিবিয়া প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, সিলেটে সহযোগী আটক

by Fatih Work

লিবিয়ায় প্রবাসী সুমন মিয়া নামের এক যুবককে অপহরণ করে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায়ের ঘটনায় সিলেটের বিয়ানীবাজার থেকে সাদেক আহমদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এর সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ। গ্রেফতারকৃতকে এসএমপির জালালাবাদ থানায় হস্থান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
banner

এর আগে সোমবার রাতে বিয়ানীবাজার থানাধীন বৈরাগীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানিয়েছে, ভিকটিম সুমন মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি প্রায় আট বছর আগে জীবিকার সন্ধানে লিবিয়ায় যান এবং সেখানেই অবস্থান করছিলেন। লিবিয়ায় সুমনের সাথে আবু বক্কর নামের এক ব্যক্তির পরিচয় হয়। ঘটনার প্রায় তিন মাস আগে সুমনের পাসপোর্টের মেয়াদ শেষ হলে তিনি নবায়নের জন্য আবু বক্করের কাছে পাসপোর্টটি দেন। এরপর ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সুমন বাংলাদেশে থাকা তার পরিবারকে ফোন করে জানান, আবু বক্করসহ অজ্ঞাতনামা আরো তিন থেকে চারজন তাকে অপহরণ করেছে এবং মুক্তিপণ দাবি করছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।
পরবর্তীতে ভিকটিমের পরিবারের সদস্যরা সুমনের দেয়া তিনটি মোবাইল নম্বরে বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে মোট তিন লাখ ১৭ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পর থেকেই পরিবারের সাথে সুমনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে ২০২৫ সালের ২০ ডিসেম্বর সকালে অজ্ঞাত এক ব্যক্তি একটি মোবাইল নম্বর থেকে ভিকটিমের ভাই রিয়াদ হোসেনকে ফোন করে আরো তিন থেকে চার লাখ টাকা দাবি করে। টাকা না দিলে আবু বক্করের মাধ্যমে সুমনকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়।

এ ঘটনায় প্রবাসী সুমনের ভাই রিয়াদ হোসেন জালালাবাদ থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতেই র‌্যাব অভিযান চালিয়ে সাদেক আহমদকে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222