পুণ্যভূমি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা ময়দান থেকে আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আয়োজিত এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় পর সরাসরি নির্বাচনী ময়দানে নেতার উপস্থিতিকে কেন্দ্র করে সিলেট জুড়ে বইছে উৎসবের আমেজ। বরাবরের মতো আধ্যাত্মিক রাজধানী খ্যাত এই অঞ্চল থেকেই ধানের শীষের চূড়ান্ত প্রচারণার সূচনা করার দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য বজায় রাখছে দলটি।
আজ সকাল ১০টার পর সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে আগেভাগেই। দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশের টানে গত গভীর রাত থেকেই দূর-দূরান্তের নেতাকর্মীরা সম্মেলনস্থলে জড়ো হতে শুরু করেন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে রূপ নিতে থাকে আলিয়া মাদরাসা প্রাঙ্গণ। সিলেট জেলার ৬টি এবং সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা।
এই সমাবেশ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে তিনি দেশ পুনর্গঠন এবং জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন। জনসভা শেষ করে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। তবে যাত্রাপথে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে পথসভা করবেন এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা করবেন বলে দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে।
টিএইচএ/
