ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নিতে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জনসভা শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে ধারাবাহিকভাবে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে পরে ঢাকায় ফিরে আসবেন।
তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে ভোর থেকেই পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ দলবেঁধে মাঠে আসছেন, আবার কেউ কেউ রাত থেকেই সেখানে অবস্থান করছেন। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যানের চট্টগ্রাম সফর ও মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মহাসমাবেশস্থল ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়েছে। নেতাকর্মীরা জানান, তারেক রহমানকে কাছে থেকে একনজর দেখার ইচ্ছা থেকে সকাল সকাল উপস্থিত হয়েছেন।
এদিকে, জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এর আগে গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতৃবৃন্দ ও মহানগর বিএনপির নেতারা। দলীয় প্রধানের আগমনে বিমানবন্দর এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।
তার সফরকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিবাদন জানান। পতেঙ্গা হয়ে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে অতিক্রম করে রাত ৯টার দিকে তিনি হোটেল রেডিসন ব্লুতে পৌঁছান।
টিএইচএ/
