নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে বিএনপিপন্থী শতাধিক নেতাকর্মী দল ত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে নতুন এই রাজনৈতিক যাত্রার সূচনা করেন। দল পরিবর্তন করা এসব নেতাকর্মীদের মধ্যে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতৃবৃন্দও রয়েছেন, যা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
যোগদান অনুষ্ঠানে নেতৃত্বে দেওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিব্বুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান এবং বুড়িরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের। এ ছাড়া বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. মিল্লাত এবং জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ মোট ১৭ জন শীর্ষস্থানীয় নেতার হাত ধরে কয়েকশ কর্মী এনসিপির পতাকাতলে সমবেত হন। দলত্যাগীদের দাবি, আগামী দিনের নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারা এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়েছেন।
এই যোগদান উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসউদ বলেন, হাতিয়ায় শান্তি ও উন্নয়নের নতুন ধারা শুরু করতে এনসিপি কাজ করছে। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন যে কেউ এনসিপিতে যোগ দিয়ে জনসেবার সুযোগ পাবেন। তিনি আরও জানান, প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তাদের সাথে যোগাযোগের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। আজকের এই ১৭ নেতার নেতৃত্বে শতাধিক কর্মীর যোগদান ছিল সেই প্রক্রিয়ারই একটি বড় অংশ। সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস ও দখলমুক্ত একটি আধুনিক ও মডেল হাতিয়া গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
টিএইচএ/
