ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আটতলা ভবন থেকে লাফিয়ে পড়ে চিকিৎসাধীন এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাজমীন (২০) কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। নাজমীন পটুয়াখালীর গলাচিপা উপজেলার জালাল মিয়ার মেয়ে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে (ঢামেক) ঢাকা মেডিকেল কলেজে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নতুন ভবনের আটতলার বাথরুমের পাশের ফাঁকা দিয়ে লাফিয়ে পড়লে নাজমীনের মৃত্যু হয়।
নিহতের মা পারভিন জানান, “গত দুই মাস আগে আমার মেয়ে কিডনি রোগে আক্রান্ত হলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল এসেছিলাম। এরপর গত রবিবার তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করিয়েছি। আমার মেয়ের স্বামীর আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তার পক্ষে চিকিৎসাসেবার খরচ বহন করাও সম্ভব হচ্ছিলো না। কাল সন্ধ্যার দিকে (মেয়ে) আমাকে বলে ‘মা তোমাদের আর কষ্ট দিবো না, তোমরা আমার মেয়েটিকে দেখে রেখো।’ এর কিছুক্ষণ পরেই বাথরুমে যাওয়ার কথা বলে আমার মেয়ে আট তলার বাথরুমের পাশের ফাঁকা দিয়ে লাফিয়ে একটি প্রাইভেট কারের উপরে পরে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে নাজমীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এমএআর/
