দক্ষিণ বাংলার প্রবীণ আলেমেদ্বীন, জামি‘আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার প্রতিষ্ঠাতা মহাপরিচালক, জামি‘আর নায়েবে মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া হাফিজাহুল্লাহর সম্মানিত পিতা, খুলনার হেলাতলা জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব এবং দারুল উলূম খুলনার সাবেক প্রধান মুফতী—শাইখুল হাদীস আল্লামা যাকারিয়া রহ. এর সোহবতপ্রাপ্ত বিশিষ্ট শাগরিদ আল্লামা মুফতী গোলাম রহমান (রহ.) ইন্তেকাল করেছেন।
তিনি আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ ঈ.) সকাল ১০টায় রাজধানী ঢাকার ধানমন্ডি গ্রীন হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের ইন্তেকালে দেশের গোটা দ্বীনি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ রাত ৯টায় খুলনার মারকাযুল উলূম প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
মুফতী গোলাম রহমান রহ. দারুল উলূম দেওবন্দ থেকে হাদীস ও ফিকহে গভীর জ্ঞান অর্জন করেন। এরপর তিনি আজীবন কুরআন-হাদীসের খেদমত, ইলমে ফিকহ চর্চা, দাওয়াত ও তাবলীগের কাজে নিজেকে নিঃস্বার্থভাবে নিয়োজিত রাখেন। তাঁর জীবন ছিল ইলম, তাকওয়া ও আমলভিত্তিক সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি ছিলেন একাধারে একজন দরদী উস্তাদ, প্রজ্ঞাবান মুফতী ও নীরব সাধক। তাঁর ইলমী গভীরতা, বিনয়, শালীনতা ও আমলনির্ভর জীবন দক্ষিণ বাংলার আলেম সমাজের কাছে ছিল অনুকরণীয়।
মরহুম অসংখ্য ছাত্র-শাগরিদ, ভক্তকুল ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। ইলম ও তাকওয়ার এমন ব্যক্তিত্বের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আল্লাহ তা‘আলা মরহুম মুফতী গোলাম রহমান রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করুন, তাঁর কবরকে নূরে ভরপুর করে দিন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শাগরিদ ও গুণগ্রাহীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
হাআমা/
