জামায়াতের রাজনৈতিক স্ট্যান্ডবাজি: প্রতীক প্রত্যাহার প্রসঙ্গে ইসির আইন তুলে ধরলেন ব্যারিস্টার কাজল

by Nur Alam Khan

নুর আলম সিদ্দিকী >>>

সাতটি সংসদীয় আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক প্রত্যাহারের আবেদন জানালেও নির্বাচন কমিশন (ইসি) স্পষ্টভাবে জানিয়েছে—আইন অনুযায়ী এটির আর কোনো সুযোগ নেই। প্রতীক বরাদ্দ ও ব্যালট পেপার মুদ্রণের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় জামায়াতে ইসলামীর এই আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানায় কমিশন।

বিজ্ঞাপন
banner

ইসি সূত্র জানায়, প্রতীক বরাদ্দের তিন দিন পর জামায়াতে ইসলামী চিঠির মাধ্যমে জানায়, সাতটি আসনে তাদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ যেন ব্যালট পেপারে না রাখা হয়। এসব আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার প্রার্থী রয়েছেন। তবে নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালার কারণে এ আবেদন আমলে নেওয়ার সুযোগ নেই বলে জানায় কমিশন।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ফেসবুক পোস্টে কড়া মন্তব্য করেছেন।

তিনি লেখেন, “এটা একটা জামায়াতের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। জোট সাথীদের খুশি করতে করেছেন। জামায়াত নিশ্চয়ই এই আইনি বিধান জানে।”

ব্যারিস্টার কাজল আরও বলেন, “বিষয়টি কোনো রাজনৈতিক আবেগের নয়, এটি সম্পূর্ণ আইনি প্রশ্ন। কেউ ভুল বুঝবেন না। শুধু জামায়াত না, এটি সব দলের জন্য প্রযোজ্য।”

তিনি উদাহরণ টেনে বলেন, “ধরেন, বিএনপির কোনো তথাকথিত বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী যদি আজ নিজের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন দেন, সেটি বাহ্যিক বা রাজনৈতিক বিষয় হবে। কারণ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত (২০ জানুয়ারি ২০২৬) যারা মনোনয়ন প্রত্যাহার করেননি, তাদের নাম ও প্রতীক ব্যালটে থেকেই যাবে।”

নির্বাচন কমিশন সূত্র জানায়, একবার প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়ে গেলে এবং ব্যালট পেপার ছাপার প্রক্রিয়া শুরু হলে, তা পরিবর্তনের সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু ও আইনানুগ রাখতে এ বিষয়ে কমিশন কোনো ব্যতিক্রম করতে পারে না।

বিশ্লেষকদের মতে, জামায়াতের এই আবেদন মূলত রাজনৈতিক কৌশলের অংশ হলেও আইনি কাঠামোর কারণে তা বাস্তবায়নের সুযোগ নেই। ইসির অবস্থানও এ বিষয়ে সম্পূর্ণ আইননির্ভর বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222