ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রাক্কালে দেশটিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ‘নিপাহ ভাইরাস’ নতুন এক বৈশ্বিক উদ্বেগের জন্ম দিয়েছে। নিপাহ সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় এরই মধ্যে কয়েকটি প্রভাবশালী ক্রিকেট খেলুড়ে দেশ টুর্নামেন্ট নিয়ে সংশয় প্রকাশ করেছে, যা আসরটির সফল আয়োজনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তি দেশ তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ জানানোর পর বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদের উদ্বেগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে। সংক্রমণের হার ও ঝুঁকির মাত্রা বিবেচনায় তারা ভারতে দল পাঠাতে অনীহা প্রকাশ করেছে। একই সুর শোনা গেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য প্রশাসনের কণ্ঠেও। অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার এক বিবৃতিতে জানিয়েছেন, তারা ভারতের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী নিপাহ ভাইরাসের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে, যা করোনার চেয়েও অনেক বেশি ভয়ংকর।
উদ্ভূত পরিস্থিতিতে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ করেছে এবং ফ্রন্টলাইন কর্মীদের পিপিই ব্যবহারের নির্দেশনা দিয়েছে। তবে এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রীড়া মহলে। পাকিস্তান ও ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ইংল্যান্ডের আপত্তির পর ইউরোপীয় আরও কয়েকটি দেশ ভারতে খেলতে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে। গুঞ্জন উঠেছে, পুরো টুর্নামেন্টটি ভারতের বদলে এককভাবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হতে পারে।
টিএইচএ/
