মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতু সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল অভিযান চালাচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম নাইম। তিনি এমআইএসটির সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ১৮ জন শিক্ষার্থী একটি নৌকায় করে পদ্মা সেতু দেখতে যান। এ সময় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পৌঁছে তিনজন শিক্ষার্থী গোসল করার জন্য নদীতে নামেন। তাদের মধ্যে দুজন সাঁতরে উঠে এলেও একজন নিখোঁজ হন।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন রাত সাড়ে ৮টার দিকে জানান, “এখনো নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”
এমএআর/
