এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধ:
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গাছ, দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে পেরেক মেরে ফেস্টুন লাগানোর অভিযোগে দুই প্রার্থীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে (ধানের শীষ) পাঁচ হাজার টাকা এবং স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজুকে (সূর্যমুখী) পাঁচ হাজার টাকা, মোট দশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৭(গ) ধারা ভঙ্গ করে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ফেস্টুন লাগানোর অপরাধে আচরণবিধিমালার ২৭(ক) ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমএআর/
