কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
এছাড়া তিনি কুমিল্লা-৪ আসনে দেবিদ্বারের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ সর্বস্তরের জনগণের প্রতি ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
নাসির উদ্দিন নাসির তার পোস্টে লেখেন, ‘কুমিল্লা-৪ আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একজন তরুণ নেতা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের চেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়াই একজন প্রকৃত নেতার বৈশিষ্ট্য। আশা করি, হাসনাত আবদুল্লাহ গণঅধিকার পরিষদের জসীম উদ্দিনের সঙ্গে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন। দুজনের জন্যই শুভকামনা রইল।’
তিনি আরো লেখেন, কুমিল্লা–৪ আসনে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার গণঅধিকার পরিষদের নেতা জসীম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি।
এমএআর/
