ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ক্ষণগণনা শুরু হতে না হতেই শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে উত্তাপ ছড়াচ্ছে রাজধানী ঢাকা। দেশব্যাপী ঝোড়ো সফর শেষে এবার ঢাকা মহানগরীতে সর্বাত্মক গণসংযোগের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির অংশ হিসেবে টানা দুই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার মোট ১৪টি নির্বাচনী জনসভায় সরাসরি অংশ নিয়ে ভাষণ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
কর্মসূচি অনুযায়ী, আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে জনসভা করবেন তারেক রহমান। তার সফরের প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হবে দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের অন্তর্গত ইসিবি চত্বরে। এরপর তিনি ক্রমান্বয়ে ঢাকা-১৬ আসনের পল্লবী লাল মাঠ (দুপুর ২:৪০), ঢাকা-১৫ আসনের সেনপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় (বিকেল ৩:৩০), ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট (বিকেল ৪:২০) এবং ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে (বিকেল ৫:১০) বক্তব্য রাখবেন। দিনের সর্বশেষ জনসভাটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল সানভ্যালি মাঠে।
আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণের ৭টিসহ মোট ৮টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এদিন সকাল ১১টায় বনানী থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে ধানমন্ডির কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী ও জুরাইন হয়ে বিকেল ৫টায় ধূপখোলা মাঠে পৌঁছাবেন তিনি। সবশেষে সন্ধ্যা ৬টায় লালবাগের ঐতিহাসিক বালুর মাঠে বর্ণাঢ্য এই নির্বাচনী সফরের সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে তারেক রহমানের এই গণসংযোগ নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
টিএইচএ/
