পাহাড় কেটে অবৈধ রোহিঙ্গা বসতি, উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সহস্রাধিক আটক

by Abid

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমির পাহাড় কেটে অবৈধভাবে গড়ে তোলা বিশাল রোহিঙ্গা বসতিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে উখিয়ার বালুখালীর মরাগাছতলা এলাকায় চার ঘণ্টা ব্যাপী পরিচালিত এই অভিযানে এক হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করা হয়েছে। একটি প্রভাবশালী সিন্ডিকেট পাহাড় কেটে প্রায় সাড়ে ৩০০ ঝুপড়ি ঘর তৈরি করে সেখানে রোহিঙ্গাদের কাছ থেকে মাসিক ভাড়ার বিনিময়ে অবৈধ আশ্রয়ের সুযোগ করে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড় ঘেরা মরাগাছতলা এলাকায় লোকচক্ষুর অন্তরালে এই অবৈধ ‘মিনি ক্যাম্প’ গড়ে তুলেছিল একদল ভূমিদস্যু। প্রতিটি বসতি থেকে মাসে ২ থেকে ৩ হাজার টাকা ভাড়া আদায়ের পাশাপাশি সেখানে মাদক কেনাবেচাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলত। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘেরাও করলে বসতিগুলো থেকে শত শত রোহিঙ্গা বেরিয়ে আসে। অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সহস্রাধিককে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। অভিযানে অবৈধ এই বসতি বাণিজ্যের সাথে জড়িত পাঁচজন মালিককে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং মাদক সংশ্লিষ্টতার দায়ে আরও দুইজনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান গণমাধ্যমকে জানান, পাহাড় কাটা ও অবৈধভাবে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। আটক রোহিঙ্গাদের যথাযথ পরিচয় নিশ্চিত করার পর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) মাধ্যমে পুনরায় নিবন্ধিত ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সচেতন মহলের মতে, ক্যাম্পের বাইরে এভাবে অনিয়ন্ত্রিত বসবাস উখিয়া-টেকনাফ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য চরম ঝুঁকি তৈরি করছে। বনভূমি রক্ষা ও অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

টিএইচএ/৩৬ নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222