ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও শীর্ষ নেতাদের ভোটকেন্দ্র এবং ভোটদানের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-১১ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদ এলাকায় ফকির খালি রোডের মাথায় অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
পঞ্চগড়-১ আসনে দলটির শাপলা কলির প্রার্থী ও উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম সকালে বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।
নরসিংদী-২ আসনে শাপলা কলির প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে জানানো হয়েছে।
রংপুর-৪ আসনে শাপলা কলির প্রার্থী ও সদস্য সচিব আখতার হোসেন কাউনিয়া উপজেলার টেপা মধুপুরের ভায়েরহাট কেন্দ্রে ভোট দেবেন। তিনি তার মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নোয়াখালী-৬ আসনে শাপলা কলির প্রার্থী ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সকাল ৮টায় বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
কুমিল্লা-৪ আসনে শাপলা কলির প্রার্থী ও দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকাল ৯টায় রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা-৯ আসনে শাপলা কলির প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করবেন।
এ ছাড়া এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট নেতারা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন।
টিএইচএ/
