ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সরগরম হয়ে উঠেছে পুরান ঢাকার অলিগলি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে এ এলাকার ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।
প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। কেন্দ্রের ভেতরে-বাইরে নিরাপত্তা জোরদার করতে র্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবির সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও উপস্থিতি রয়েছে।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা আরও বাড়ছে বলে জানা গেছে। তবে কিছু কেন্দ্রে পোলিং এজেন্টদের দেরিতে উপস্থিত হওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছু পর ভোটগ্রহণ শুরু হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের তল্লাশি করা হচ্ছে এবং আশপাশে টহল জোরদার রয়েছে। কয়েকটি কেন্দ্রের সামনে সেনাবাহিনীর সদস্যদের বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটারদের অনেকে নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। ভোট দিতে আসা আয়েশা বেগম বলেন, দীর্ঘদিন পর এমন পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। প্রবীণ ভোটার রহমত মিয়াও বলেন, সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে, এমন অভিজ্ঞতা আগে খুব একটা হয়নি।
পুরান ঢাকার গেন্ডারিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এই কেন্দ্রেই ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান ভোট দেন।
ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশে বিলম্ব হয়েছে। তবে সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসছেন। বিচ্ছিন্ন কিছু অসংগতি থাকলেও প্রশাসন ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সুশৃঙ্খল পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।
টিএইচএ/
