ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, সারা দেশে বেলা ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে মোট ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে। বেলা ১১টা পর্যন্ত প্রায় ৩২ হাজার কেন্দ্রে ভোট পড়েছিল ১৪.৯৬ শতাংশ।
ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে; প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ অন্যান্য দল। দীর্ঘ সময় পর শঙ্কামুক্ত পরিবেশে ভোট দেওয়ার প্রত্যাশায় গ্রাম-গঞ্জে অবস্থান করছেন লাখো তরুণ, যুবক ও প্রবীণ ভোটার।
টিএইচএ/
