নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগের কার্যালয় খুলে দিলেন বিএনপি নেতা

by Abid

মোঃ নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)>> পঞ্চগড় সদর উপজেলায় নির্বাচনে বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের একটি বন্ধ কার্যালয় উন্মুক্ত করে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা আবু দাউদ প্রধান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি তিনি নিজ উদ্যোগে খুলে দেন এবং আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাজনৈতিক অস্থিরতার জেরে দীর্ঘদিন বন্ধ থাকা এই অফিসটি খুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
banner

ঘটনার সময় চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বিএনপি নেতার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান তাদের প্রাণের সংগঠনটির কার্যালয়টি তালামুক্ত করে রাজনৈতিক সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো থেকে রেহাই পেতে বিএনপি নেতার হস্তক্ষেপ কামনা করেন। সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান স্বপন জানান, বিভেদ ভুলে তারা সবাই এলাকায় শান্তিতে বসবাস করতে চান এবং দেশবিরোধী যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান জানান, দীর্ঘ ১৮ বছর পর জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে তারা বিজয়ী হয়েছেন। তিনি বলেন, “আমি জানতে পারলাম আওয়ামী লীগ অফিসে তালা দেওয়া আছে, জানলে আরও আগেই ব্যবস্থা নিতাম।” তিনি উভয় দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, কোনো দুষ্ট প্রকৃতির লোক যেন এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে। আওয়ামী লীগ কর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, “আপনারা স্বাধীন দেশের নাগরিক, কোনো অন্যায় করবেন না। আপনাদের ওপর কেউ আক্রমণ করলে আমাকে জানাবেন। এটি দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, বরং এলাকার উত্তেজনা প্রশমন ও শান্তি বজায় রাখতেই আমি অফিসটি খুলে দিয়েছি।” এর আগে স্থানীয় জামায়াত কর্মীরা অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল বলে তিনি উল্লেখ করেন। তবে মুক্তিযোদ্ধা আবুল হোসেন জানান, অফিসটি খুলে পরিষ্কার করা হলেও আপাতত সেখানে মুক্তিযোদ্ধারা বসবেন এবং আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কার্যক্রম এখনই শুরু হবে না।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222