বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ আজ

by Abid

বিশ্বকাপের মঞ্চে ভারত–পাকিস্তান মুখোমুখি মানেই ক্রিকেটের সীমানা পেরিয়ে বৈশ্বিক আলোড়ন। পরিসংখ্যান বলছে, এই দ্বৈরথে দীর্ঘদিন ধরেই আধিপত্য ভারতের। ২০২১ সালে দুবাইয়ে পাকিস্তান জয়ের স্বাদ পেলেও, তার আগে ও পরে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো বিশ্বকাপ আসরেই ভারতকে হারাতে পারেনি তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলের আট দেখায় সাতবারই জিতেছে ভারত।

তবে সংখ্যার হিসাব এই লড়াইয়ের আবেদন একটুও কমাতে পারেনি। রাজনৈতিক ও সামরিক উত্তেজনার পটভূমিতে এই ম্যাচ দুই দেশের সমর্থকদের কাছে মর্যাদা ও শ্রেষ্ঠত্বের প্রতীকী সংঘর্ষে রূপ নেয়। তাই ম্যাচের দিন কাজ ফেলে টেলিভিশনের সামনে বসা, স্টেডিয়ামে উপচে পড়া ভিড় কিংবা সামাজিক মাধ্যমে উত্তপ্ত বাক্যযুদ্ধ, সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক আবেগঘন উৎসব।

বিজ্ঞাপন
banner

আজ সন্ধ্যায় সেই মহারণের ভেন্যু কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম। ম্যাচের দুই দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিয়েছে, সব টিকিট বিক্রি শেষ। শ্রীলঙ্কা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, কালোবাজারে টিকিটের দাম চার গুণেরও বেশি বেড়েছে।

উত্তেজনা কেবল দর্শকসারিতেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। সাম্প্রতিক এশিয়া কাপে তিন দফা মুখোমুখি হলেও খেলোয়াড়দের মধ্যে ম্যাচ-পূর্ব হ্যান্ডশেক দেখা যায়নি। এবারও কি সেই দৃশ্যের পুনরাবৃত্তি হবে? সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন উঠলে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, হ্যান্ডশেকের সিদ্ধান্ত প্রতিপক্ষই নিক। জবাবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় পর্যন্ত অপেক্ষার ইঙ্গিত দেন। মাঠের লড়াই নিয়েও দুই অধিনায়কের কথায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। শুরুতে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত বদলায় পাকিস্তান। সালমান জানান, ম্যাচের গুরুত্ব সম্পর্কে তারা সচেতন এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কলম্বোয় আগে থেকে অবস্থান করায় কন্ডিশনের সুবিধা পাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে ভারত নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেলেও ব্যাটিংয়ে প্রত্যাশিত ছন্দ দেখা যায়নি। সূর্যকুমার স্বীকার করেন, শুরুটা মসৃণ ছিল না; তবে মাঝের ধাক্কা সামলে নেওয়াটাই টি-টোয়েন্টির বৈশিষ্ট্য। প্রতিপক্ষকে নয়, নিজেদের শক্তির জায়গায় মনোযোগ রাখার ওপর জোর দেন তিনি। জ্বর ও পেটের সংক্রমণ কাটিয়ে অভিষেক শর্মা ফিরতে পারেন বলেও আভাস দেন ভারত অধিনায়ক।

সবশেষে অনিশ্চয়তার আরেক নাম আবহাওয়া। পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ফলে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি যেমন থাকবে মাঠের লড়াইয়ে, তেমনি থাকবে আকাশের দিকেও। ফল যাই হোক, ভারত–পাকিস্তান মহারণ যে আবারও বিশ্বকাপকে নতুন মাত্রা দিতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, নাগরিক টিভি ও স্টার স্পোর্টস।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222