সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রতীকের আরেক পরাজিত প্রার্থী কাজী আলাউদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজার সংলগ্ন মোজাম মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় শহিদুল আলমের পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পক্ষ জানায়, মোজাম মোড়ে ফুটবল প্রতীকের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের একদল সমর্থক আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও হাতাহাতির মাধ্যমে এলোপাতাড়ি মারধর করলে কয়েকজন রক্তাক্ত হন। স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহতদের মধ্যে রয়েছেন মীর শাহিনুর, আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লিটন মীর ও শিমুল মীর। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ফতেপুর বাঁশতলা এলাকার নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, ইদ্রিস আলী সরদার, ফিরোজ ঢালী, মোস্তাফিজুর পাড়, শাহিনুর কারিকর ও আলতাফ হোসেনসহ কয়েকজন এ ঘটনায় জড়িত ছিলেন। তবে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ডা. শহিদুল আলমের সমর্থকরা। বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিএইচএ/
