কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানের শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলে তোলপাড় শুরু হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় বাবর আজমের দল। এই বড় হারের পর দেশ ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও বইছে সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকদের মতে, বাবর আজম, শাহিন আফ্রিদি এবং শাদাব খানদের মতো তারকাদের ‘অতীতের গৌরব’ নিয়ে দলে টিকে থাকার দিন এখন ফুরিয়ে এসেছে।
পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘শাহিন, বাবর এবং শাদাবদের সময় শেষ। পাকিস্তান টি-টোয়েন্টি দলের এখন নতুন পারফর্মার দরকার। দুর্বল দলগুলোর বিপক্ষে গুরুত্বহীন জয় দিয়ে জাতিকে আর ভোলানো যাবে না।’ পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজাও পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এটা স্রেফ বিপর্যয়! গত ২-৩ বছর ধরে ভারত একই বোলিং আক্রমণ নিয়ে খেলছে, অথচ আমাদের ব্যাটাররা প্রতিবারই তাদের সামনে সাধারণ মানের হয়ে ধরা দিচ্ছে। খেলোয়াড়দের স্কিলে কোনো উন্নতি নেই।’
সাবেক ওপেনার আহমেদ শেহজাদ বর্তমান দলটিকে ‘পুরানো মুখ, পুরনো ফলাফল’ বলে অভিহিত করে আমূল পরিবর্তনের দাবি তুলেছেন। তার মতে, ফখর জামান, হাসিবুল্লাহ নাফে এবং সালমানদের মতো ক্রিকেটারদের এখনই নিয়মিত সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে টেস্ট ক্রিকেটার আবিদ আলী কঠোর ভাষায় বলেন, ‘নাম দেখে দল নির্বাচন বন্ধ হোক। দলে ইমপ্যাক্ট প্লেয়ার চাই, কোনো যাত্রী নয়।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, ভারত এখন মানসিকভাবে পাকিস্তানকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছে। তার মতে, মাঠে ভারত এখন পাকিস্তানকে এক প্রকার ভয় দেখায় এবং বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষেত্রে তারা পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে।
রোববার কলম্বোর মাঠে ইশান কিশানের ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ভারত ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে ভারতীয় বোলারদের তোপে পড়ে ১৮ ওভারে মাত্র ১১৪ রানেই অল-আউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে উসমান খান সর্বোচ্চ ৪৪ রান করলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। এই জয়ের মাধ্যমে টানা তিন জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত, আর পাকিস্তান পড়েছে চরম অস্তিত্ব সংকটে।
টিএইচএ/
