১৮ মাস পর আওয়ামী লীগ কার্যালয় চালু, কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর

by Fatih Work

পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রায় ১৮ মাস পর বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী দলীয় কার্যালয় পুনরায় চালু করা হয়েছে। তবে উদ্বোধনের সাড়ে চার ঘণ্টার মধ্যেই সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে অবস্থিত কার্যালয়টি দোয়া ও মোনাজাতের মাধ্যমে পুনরায় উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার এবং দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ প্যাদার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। দীর্ঘদিন পর কার্যালয় চালু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তবে দুপুর সাড়ে ১২টার দিকে একই কার্যালয়ে উপজেলা ছাত্রদল ও যুবদলের একটি অংশের অর্ধশতাধিক নেতাকর্মী হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং শেষে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার প্রতিক্রিয়ায় দশমিনা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন প্যাদা বলেন, “দীর্ঘদিন মামলা-হামলার মধ্যে থাকলেও বর্তমানে আমরা শান্তিপূর্ণ পরিবেশে রয়েছি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা আওয়ামী লীগের দুষ্কৃত ও স্বতন্ত্র প্রতিপক্ষের লোকজনকে ব্যবহার করে কার্যালয় উদ্বোধন করিয়েছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে।”

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222