ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ থেকে বিরত থাকতে পারেন; এমন আলোচনা সামনে এসেছে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর এনসিপির ভেতরেও এ নিয়ে ভাবনা শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময় নির্ধারিত রয়েছে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে দলটির ছয়জন নির্বাচিত সদস্য ইতোমধ্যে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপির সদস্যরাও শপথ গ্রহণ করবেন কি না—সে বিষয়ে পুনর্বিবেচনা করছেন। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে না।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বেলা ১১টার দিকে গণমাধ্যমকে জানান, বর্তমান পরিস্থিতিতে তারা শপথ না নেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে ভাবছেন। তবে দলীয় আলোচনার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
টিএইচএ/
