জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা ত্যাগ করেন। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই ডা. তাহেরের এই সফর। চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি সিঙ্গাপুরে অবস্থানকালে তিনি সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. তাহের। এরপর গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। শপথ নেওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর।
সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সফলভাবে চিকিৎসা ও সফর সম্পন্ন করতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
টিএইচএ/
