ভারতের গ্র্যান্ড মুফতি শায়খ আবুবকর আহমদ বলেছেন, দেশে মুসলিম সম্প্রদায় কোনো ধরনের নিরাপত্তা হুমকির মুখে নেই।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্র্যান্ড মুফতি স্পষ্টভাবে জানান, ভারতে মুসলিমদের চলাফেরা বা ধর্মীয় চর্চায় কোনো বাধা নেই এবং সামগ্রিকভাবে তারা নিরাপদ পরিবেশেই বসবাস করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনায় কোনো অভিযোগ বা ক্ষোভের বিষয় উত্থাপন করা হয়নি; বরং দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে কীভাবে সব সম্প্রদায় একযোগে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েই মতবিনিময় হয়েছে। শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতাকেই তিনি বর্তমান সময়ের প্রধান প্রয়োজন হিসেবে উল্লেখ করেন এবং জাতি,ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
সূত্র জানায়, অভ্যন্তরীণ ইস্যুর পাশাপাশি কিছু আন্তর্জাতিক বিষয়ও আলোচনায় উঠে আসে। বিশেষ করে ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মুক্তি প্রচেষ্টা, কূটনৈতিক তৎপরতা এবং রক্তপণ সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
সংখ্যালঘু অধিকার নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে গ্র্যান্ড মুফতির এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাদের মতে, এটি সরকার ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আস্থার পরিবেশ জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা বহন করে। তবে বিরোধী রাজনৈতিক দল ও কিছু মুসলিম সংগঠন ভিন্নমত পোষণ করেছে। কেরালা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি গ্র্যান্ড মুফতির ব্যক্তিগত মতামত হতে পারে এবং তা সামগ্রিক বাস্তব পরিস্থিতির প্রতিফলন নাও হতে পারে।
টিএইচএ/