রমজানে সারাদিন সিয়াম সাধনার পর ইফতারে মুখরোচক কিছু রাখা বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য। দীর্ঘ উপবাসের পর রসনা মেটাতে অনেকেই বাইরের চটকদার ভাজাপোড়া খাবারের ওপর নির্ভর করেন। তবে স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতার কথা বিবেচনা করলে বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই শ্রেয়। ঘরোয়া পরিবেশে খুব সহজেই তৈরি করা যায় এমন একটি জিভে জল আনা পদ হলো চিকেন টিকিয়া। অল্প সময়ে তৈরি করা সম্ভব এই খাবারটি ছোট-বড় সবারই পছন্দের তালিকায় শীর্ষে থাকে।
সুস্বাদু এই টিকিয়া তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের তালিকায় রয়েছে সেদ্ধ করা চিকেন ব্রেস্ট দুই টুকরা এবং এক কাপ পরিমাণ সেদ্ধ বুটের ডাল।
স্বাদের বৈচিত্র্য আনতে লাগবে দুই চা চামচ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও গরম মসলা গুঁড়া। এর সাথে সামান্য হলুদের গুঁড়া (এক চতুর্থাংশ চা চামচ), আধা চা চামচ গোলমরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ যুক্ত করতে হবে। রান্নায় সুগন্ধ ও ঝাজের জন্য দুই টেবিল চামচ আদা-রসুন ও পেঁয়াজ বাটা, একটি ডিম এবং ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি প্রয়োজন।
সবশেষে সতেজতার জন্য পরিমাণমতো ধনিয়া বা পুদিনা পাতা কুচি এবং ভাজার জন্য সয়াবিন তেল সংগ্রহে রাখতে হবে।
প্রস্তুত করার নিয়ম অত্যন্ত সহজ। প্রথমে একটি পাত্রে মুরগির গোস্ত ও বুটের ডাল সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পানি শুকিয়ে গেলে সেদ্ধ মিশ্রণটিকে পিষে বা মেখে মিহি করে ভর্তা তৈরি করতে হবে। এরপর একে একে তেল বাদে বাকি সব মশলা, ডিম ও সুগন্ধি পাতা কুচি দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেখে একটি মসৃণ মণ্ড তৈরি করতে হবে। হাতের তালুর সাহায্যে এই মণ্ড থেকে ছোট ছোট গোল চ্যাপ্টা টিকিয়ার আকৃতি দিতে হবে। সবশেষে কড়াইতে তেল গরম করে ডুবো তেলে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম মুরগির মাংসের টিকিয়া।
টিএইচএ/
