পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে এই ব্যাজ পরানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। উল্লেখ্য, গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য মো. আলী হোসেন ফকিরের কর্মজীবন বেশ বৈচিত্র্যময়। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কারণে তিনি দুবার প্রতিকূলতার শিকার হন; প্রথমবার তাকে চাকরিচ্যুত করা হয় এবং দ্বিতীয়বার পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনরায় চাকরিতে পুনর্বহাল হন। শুরুতে এসপি পদমর্যাদায় ফিরে আসলেও পরবর্তীতে সুপার নিউমারি ডিআইজি এবং সর্বশেষ অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান তিনি। আজ প্রধানমন্ত্রীর হাত থেকে র্যাংক ব্যাজ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পুলিশ বাহিনীর কমান্ড গ্রহণ করলেন।
টিএইচএ/
