সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করতে এসে একদল শিশুর সঙ্গে অন্যরকম আড্ডায় মাতলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদরদপ্তর (নেভি হেডকোয়ার্টার) মসজিদের সামনে কোনো প্রটোকল ছাড়াই শিশুদের সঙ্গে পরম মমতায় মিশে যান দেশের সরকার প্রধান। শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাবলীল আলাপচারিতার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।
মসজিদ চত্বরে প্রধানমন্ত্রীকে দেখা মাত্রই একদল শিশু-কিশোর তাকে ঘিরে ধরলে সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশুদের চোখেমুখে তখন বিস্ময় আর উচ্ছ্বাস দেখা যায়। এরই মধ্যে এক শিশু সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বসে, ‘আংকেল, আপনি কি রোজা রেখেছেন?’ শিশুর এমন নিষ্পাপ প্রশ্নে মুচকি হেসে প্রধানমন্ত্রী উত্তর দেন, ‘জ্বি, আমি সবগুলো রোজা রেখেছি।’
প্রধানমন্ত্রীর উত্তর শোনার পর উপস্থিত শিশুদের মধ্যেও নিজেদের রোজা রাখার গল্প শুরু হয়। একে একে সবাই বলতে শুরু করে তারা কে কয়টি রোজা রেখেছে। এ সময় এক শিশু দাবি করে সে সবগুলো রোজা রেখেছে, তবে তার বন্ধুরা পাশ থেকে একযোগে বলে ওঠে, ‘না না, ও তো আজ সকালেই খেয়েছে, ও আজ রোজা নেই!’
বন্ধুদের এমন মন্তব্যে শিশুটি কিছুটা বিব্রত হলেও তারেক রহমান হাসিমুখে তাকে কাছে টেনে নেন এবং মাথায় হাত বুলিয়ে আদর করে জানতে চান আসলে সে কয়টি রোজা রেখেছে। তখন শিশুটি লাজুক কণ্ঠে স্বীকার করে যে, আজকের একটি রোজা বাদে সে সবগুলোই রেখেছে। শিশুদের এই সরলতা আর ধর্মীয় অনুরাগের প্রচেষ্টায় মুগ্ধ হন প্রধানমন্ত্রী। তিনি উপস্থিত প্রতিটি শিশুর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। দেশের সরকার প্রধানকে এতটা কাছে পেয়ে এবং তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পেরে শিশুদের মধ্যে আনন্দের সীমা ছিল না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে, বিশেষ করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন সাবলীল ও মানবিক আচরণ সত্যিই প্রশংসনীয়।
টিএইচএ/
